ভোলায় পার্থের সমর্থকদের সঙ্গে বিএনপির সংঘর্ষ,আহত অর্ধশত
বিশেষ প্রতিনিধিঃ
পার্থের সমর্থকদের সঙ্গে বিএনপির সংঘর্ষ,আহত অর্ধশত। ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-আন্দালিভ রহমান পার্থ) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে এক পুলিশ সদস্য ও দুই সাংবাদিক রয়েছেন। তারা হলেন- ভোলা সদর থানার উপপরিদর্শক আউয়াল, দৈনিক আজকের ভোলার সহ-সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন, নিউজ২৪-এর ক্যামেরাপারসন রানা ইসলাম।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি, দোকান ও রাজনৈতিক দলের পোস্টার-ব্যানার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে নতুন বাজার ও বিজেপি জেলা কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।