স্টাফ রিপোর্টারঃ
অস্থির পেঁয়াজের বাজার। হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এই ঘটনায় সরকার কিছুটা বিব্রত। কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার নীরব বলে অভিযোগ রয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ থেকে ৪৫ টাকা বাড়লেও তা জানে না কেউ। ব্যবসায়ীদের গতানুগতিক বক্তব্য- ‘সরবরাহ কম।’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এ বছর পেঁয়াজের মৌসুম প্রায় শেষ। চলতি নভেম্বরের মাঝামাঝি থেকে নতুন পেঁয়াজের পাতা বাজারে উঠতে শুরু করবে। ডিসেম্বরে আসবে ‘মুড়িকাটা পেঁয়াজ’। জানুয়ারিতে সিজনের নতুন পেঁয়াজে বাজার সয়লাব হবে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের কাছে এই মুহূর্তে যে পরিমাণ পেঁয়াজ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। কিন্তু হাতে থাকা পেঁয়াজ কয়েক দিন ধরে রেখে, বাজারে সংকটের গুজব ছড়িয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে শেষ কামড় দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। যে যেভাবে পারছেন সিজনের শেষ মুনাফাটা লুটে নিচ্ছেন।