মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেলো গুলিবিদ্ধ আরো একজনের
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেলো গুলিবিদ্ধ আরো একজনের। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া বাজার এলাকায় আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে গুলিতে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুই জনের মৃত্যু হলো।
নিহত যুবকের নাম রায়হান খান (২২)। তিনি উপজেলার চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে। এর আগে গতকাল সোমবার ভোরে বিএনপির এক পক্ষের হামলায় রায়হানের পাশাপাশি আরিফ মীর (৪০) ও ইমরান খান (২২) গুলিবিদ্ধ হন। ওই সময় ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। আহত অবস্থায় রায়হান ও ইমরানকে রাজধানী ঢাকায় পাঠানো হয়।
রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রায়হান মুন্সীগঞ্জ থেকে গতকাল চিকিৎসা না নিয়ে সরাসরি ঢাকায় চলে যান। গতকাল হতাহতের ওই ঘটনায় আজ বিকাল পর্যন্ত কোনও মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।