বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলার গ্যাড়াকলে পড়ে ৫ ইউপির কার্যক্রম ব্যাহত

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলার গ্যাড়াকলে পড়ে ৫ ইউপির কার্যক্রম ব্যাহত। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় আসামি করা হয়েছে পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। এতে চেয়ারম্যানরা গ্রেফতার আতঙ্কে পরিষদগুলোতে ঠিকমতো না আসায় স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় নাগরিকসেবা ব্যাহত হচ্ছে বলে ইউপি পরিষদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে।

গত শুক্রবার বিকালের এ সংঘর্ষের পরের দিন শনিবার রাতে বোয়ালমারী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাল্টাপাল্টি মামলা করেছে দুই পক্ষ। দুই মামলায় ২২৪ জনের নাম উল্লেখসহ ৮৭৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান।

দলীয় ও স্থানীয় সূত্র জানা যায়, বিএনপি আগামী সংসদ নির্বাচনে ২৩৮ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনটির মনোনয়ন স্থগিত রেখেছে। এ আসনে কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দুজনের মনোনয়নকে কেন্দ্র করে শুক্রবার বিকালে সংঘর্ষে জড়ান তাদের সমর্থকরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাল্ট্পাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বোয়ালমারী পৌরসভা, ওয়াপদা মোড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

শিরোনাম