বাংলা ট্রিবিউন রিপোর্টঃ
মুক্তিপণ না পেয়ে ক্যামব্রিয়ানের ছাত্রকে খু*ন। ঢাকার ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুদীপ্ত রায়কে (১৭) অপহরণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তিপণ না পেয়েই তারা সুদীপ্তকে হত্যা করে। তারা হলেন আব্দুল্লাহ (২২) ও জোনায়েদ দেওয়ান (২২)। বুধবার (১২ নভেম্বর) আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর থানার বাগানবাড়ি চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাসমত আলী দুই আসামিকে আদালতে হাজির করেন। তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন।