লকডাউনে বরগুনায় সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
লকডাউনে বরগুনায় সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনে বরগুনায় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। তবে সীমিত পরিসরে বরগুনা-বরিশাল রুটে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন মালিক ও শ্রমিকের পক্ষ থেকে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের কারণে তারা বাস ছাড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, ‘এত দামি গাড়ি রাস্তায় নামালে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে অনেক মালিক নিঃস্ব হয়ে যাবেন। পাশাপাশি গাড়ির যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এসব আতঙ্কের কারণেই সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে বিকালের দিকে পরিস্থিতি ভালো দেখা গেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।