গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
বিশেষ প্রতিনিধিঃ
পেট্রোল বোমা নিক্ষেপ। গোপালগঞ্জ শহরের গণপূর্ত ভবনের সামনে রাখা একটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ হয়। বুধবার দিবাগত গভীর রাতে এসব ঘটনা ঘটে। গণপূর্ত বিভাগের কর্মচারী নাসির উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে নৈশপ্রহরীর চিৎকারে ঘুম ভাঙে। বাসা থেকে বের হয়ে দেখি ভবনের সামনে রাখা পিকআপে আগুন জ্বলছে। গাড়ির চারপাশে ও সড়কজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা পেপসির বোতলে ভরা পেট্রোল ছুড়ে মেরেছে। একটি বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যার ভেতরে এখনও পেট্রোল রয়েছে। আশেপাশে ভাঙা কাঁচ ও জ্বালানির গন্ধ পাওয়া গেছে। এদিকে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। রাত ৩টা থেকে ৪টার দিকে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।