বিশেষ প্রতিনিধিঃ
কাশ্যে কৃষকদল নেতাকে গুলি। নারায়ণগঞ্জ শহরে কৃষকদল নেতা নাহেদুর রহমান পারভেজকে প্রকাশ্যে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত নাহেদুর রহমান পারভেজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মো. ফিরোজ মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কের মধ্যে চারজন যুবক ছুরি দিয়ে পারভেজকে আঘাত করছে ও মারধর করছে। এদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, ‘পারভেজ নামে একজনকে তিন-চারজন মিলে আক্রমণ করছিল। তিনি আহত হলে প্রথমে খানপুর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সিসি ক্যামেরার ভিডিও দেখে ঘটনার তদন্ত চলছে।’