বিশেষ প্রতিনিধিঃ
ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক-২। গাজীপুরের কোনাবাড়ীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা ও তার স্বামীকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন গাজীপুর র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান।
শনিবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী উপজেলার আলগী এলাকা থেকে এক যুবক (২২) ও বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়াবাজার এলাকা থেকে আরেকজনকে (২০) আটক করা হয়। তারা হত্যাকাণ্ডের পর গাজীপুর থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছে র্যাব। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন গৃহবধূ রহিমা খাতুন (৩৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের মেয়ে ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।