সাভার প্রতিনিধি
অবরোধ করলেন ইটভাটার মালিকরা। দাবি নিয়ে আলোচনার আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ইটভাটা মালিক-শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার কিছু সময় আগে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, মহাসড়ক এখন ক্লিয়ার, বিক্ষোভকারীদের সঙ্গে আমরা কথা বলছি। তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন, পরিবেশ অধিদফতরের লোকজনও আসবে।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখার ব্যানারে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মালিক ও শ্রমিকরা। অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরতরা।