ট্রাইব্যুনালের রায়ের নিন্দা জানালেন ৫ ইউরোপীয় সংগঠন
সংবাদ জমিন রিপোর্টঃ
রায়ের নিন্দা জানালেন ৫ ইউরোপীয় সংগঠন। ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের প্রক্রিয়া নিয়ে নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে চিঠি পাঠিয়েছে। জোটটি জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মূলনীতি থেকে সরে গেছে। সাম্প্রতিক কার্যক্রমে আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়ার অন্তর্ভুক্ত,যা বিচার বিভাগের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।