কুমিল্লায় পাশাপাশি কর্মসূচি পালন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা
বিশেষ প্রতিনিধিঃ
পাশাপাশি কর্মসূচি পালন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন মাঠ) বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির দুই পক্ষকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। সকাল থেকে ওই স্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মাঠের প্রধান ফটকের গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় বিকালে নগরের কান্দিরপাড় এলাকায় পাশাপাশি স্থানে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপির ওই দুই পক্ষ।
কুমিল্লা-৬ আসনে (কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তিনি বৃহস্পতিবার টাউন হল মাঠে জনসভার ঘোষণা দেন। একই দিন একই মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদের (ইয়াছিন) অনুসারীরা। পাশাপাশি স্থানে দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করে। এ নিয়ে বিএনপির স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।