ধামরাইয়ে গত বছর ভূমিকম্পে হেলে পড়া ভবনটি আরও হেলে পড়লো
ধামরাই (ঢাকা)প্রতিনিধি:
গত বছর ভূমিকম্পে হেলে পড়া ভবনটি আরও হেলে পড়লো। ঢাকার ধামরাইয়ে গত বছর হেলে পড়া চারতলা করিডরের ভবনটি এবার ভূমিকম্পের জেরে আরও কাত হয়ে পড়েছে। ২০২৪ সালের ১৩ মে হঠাৎ করেই ওই চারতলা ভবনের একাংশ পাশের সাততলা ভবনের ওপর হেলে পড়ে। বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ আশপাশের অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। এর পরপরই ধামরাইয়ের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় গড়ে ওঠা ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরে জিয়াউদ্দিনের বাড়ির চারতলার করিডরের অংশটি পাশের অপর ভবনের ওপর হেলে পড়ার খবর পাওয়া যায়।
সরেজমিন দেখা গেছে, ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরে পাশাপাশি দুটি ভবন নির্মাণ করা হয়েছে। দুই ভবনের মধ্যে ১০ ফুট জায়গায় করিডরের মতো আরেকটি চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এটির ভেতর দিয়েই পেছনের দিকে অপর মূল ভবনে ঢুকতে হয়। এই করিডরের মতো অংশটিই পাশের সাততলা ভবনের ওপর হেলে পড়েছে।