ঢাবি প্রতিনিধিঃ
ভূমিকম্পে ঢাবি’র ১০ হলে ব্যাপক ক্ষতি, আহত-২২। শুক্রবার সকালে দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি হলের দেয়ালে নতুন করে ফাটল ধরেছে এবং পলেস্তারা খসে পড়েছে। প্রায় ২২ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বহু শিক্ষার্থী পা মচকে যাওয়া, জ্ঞান হারানো এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা হাজি মুহম্মদ মুহসীন হলের— যার কারণে শিক্ষার্থীরা অনিরাপদ ভবনে থাকার পরিবর্তে খালি কর্মকর্তা কোয়ার্টার দখল করে নিয়েছে। অন্যান্য বেশ কয়েকটি হলেও নতুন ফাটল, পলেস্তারা খসে পড়া এবং ফাঁক বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। হল সংসদের নেতারা গুরুতর নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে জরুরি মেরামত অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।