ঢাকায় ভূমিকম্পের ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের সমবেদনা
সংবাদ জামিন রিপোর্টঃ
ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন দেশ ও সংস্থার সমবেদনা। ঢাকায় ভূমিকম্পের আঘাতে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। শুক্রবার ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) বিভিন্ন দেশের দূতাবাস থেকে পাঠানো বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়। বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল গতকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এছাড়া পৃথক বার্তায় ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাস, ফিলিপাইন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, কসোভো, জাপান, বিমসটেক সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।