স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে সর্বত্র আগুন ও ককটেল আতঙ্ক। গত কয়েক দিনে রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুনের ঘটনা জনমনে একইসঙ্গে আতঙ্ক ও সন্দেহ তৈরি করেছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
এ দিন রাত ৯টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সর্ভিস কন্ট্রোল রুম থেকে জানায়, আগুনের খবর পেয়েছিলেন তারা। তবে তাদের কাজ করতে হয়নি। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি স্থানে ভিক্টর পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসটি থেকে থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করে।