মব ভাইরাস থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ : মুফতি গিয়াস উদ্দিন তাহেরী
বিশেষ প্রতিনিধিঃ
মব ভাইরাস থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, ‘ “মব” ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্যই রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ। সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।’
সোমবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় গিয়াস উদ্দিন আরও বলেন, ‘এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকেন, তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।’