নিলামে প্রশিক্ষিত কুকুর বিক্রি!

সংবাদ জমিন রিপোর্টঃ
নিলামে প্রশিক্ষিত কুকুর বিক্রি! ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন দলের প্রশিক্ষিত তিনটি কুকুর বিক্রি হয়েছে। কোরি, স্যাম ও ফিন নামের কুকুর তিনটি বিক্রি হয়েছে ছয় লাখ ৩০ হাজার টাকায়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ ‘কে-নাইন’ টিম সদর দফতরে উন্মুক্ত নিলামে কুকুর তিনটি বিক্রি করা হয়। কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণের আগে প্রত্যেক নিলামকারী এক হাজার টাকা করে জমা দিয়ে নিলামে অংশ নেন। কুকুর তিনটির মধ্যে যুক্তরাজ্যের ল্যাব্রাডর জাতের কোরি নামের কুকুরটি সর্বোচ্চ বিক্রি হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকায়। কিনেছেন একজন সাধারণ নাগরিক। স্যাম ৪০ হাজারে ও ফিন ৩০ হাজারে কিনেছে পারটেক্স গ্রুপ। তিনি জানান, কুকুরগুলো আগামী ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে। এই তিন দিন ‘কে-নাইন’ টিম সদর দফতরে কুকুরগুলো থাকবে।

শিরোনাম