বিশেষ প্রতিনিধি:
কারাগারে অসুস্থ আ.লীগ নেতার হাসপাতালে মৃত্যু। টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর সুলতান মিয়া (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেল সুপার মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান। সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ওই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর আমলি আদালতে একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। এক মাস আগে এ মামলায় সুলতান মিয়া গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন।