বিশেষ প্রতিনিধি:
ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু। গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় এ পর্যন্ত পাঁচ জন মুসল্লির মৃত্যু হলো।
রবিবার সকালে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত দুজন হলেন, সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (১০০)।
হাবিবুল্লাহ রায়হান জানান, রবিবার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী জোড় ইজতেমা মাঠে বৃদ্ধ মুসল্লি মঈন উদ্দিন স্বাভাবিক অবস্থায় মারা যান। এ ছাড়া শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে মুসল্লি আবুল আসাদ বাদলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।