বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব করা হলো
সংবাদ জমিন রিপোর্ট:
ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব করা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেদিন ফজলুর রহমানকে একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিলের সার্টিফিকেটসহ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।