যশোরে জামায়াতের নায়েবে আমির আজহারুল, তারেককে নিয়ে যে মন্তব্য করলেন
বিশেষ প্রতিনিধি:
জামায়াতের নায়েবে আমির আজহারুল, তারেককে নিয়ে যে মন্তব্য করলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কারণ ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন, নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে। ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম, ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে নাই পারলাম, একূল-ওকূল দুই কূল গেলো। এজন্য দেশে আসার সাহস পাচ্ছেন না। কিন্তু আমার এই ভাই মোসলেহ উদ্দিন ফরিদ, অবিশ্বাস্য হলেও সত্য বিদেশে সব কিছু ফেলে রেখে দেশে এসেছেন আপনাদের সেবা করতে। আমরা তাকে দলীয় প্রার্থী করেছি। আপনারা তাকে বিজয়ী করুন। উনি আপনাদের ছেড়ে যাবেন না।’
রবিবার (৩০ নভেম্বর) বিকালে যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।