মাদারীপুর প্রতিনিধি:
আড়িয়াল খাঁ সেতুতে দুর্ঘটনা, নিহত-৩। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা কমপক্ষে ১০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ঢাকাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে পুলিশের টিম।