ধানমন্ডিতে হামলার শিকার সেই রিকশাচালক আজিজুরকে অব্যাহতির সুপারিশ
সংবাদ জমিন রিপোর্ট:
হামলার শিকার সেই রিকশাচালক আজিজুরকে অব্যাহতির সুপারিশ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২-নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেফতার রিকশাচালক আজিজুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ। জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হলেও কোনও প্রমাণ পাননি মামলার তদন্ত কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্তর্বর্তী বা অগ্রগতি প্রতিবেদন দাখিল করে পুলিশ। তবে বিচারক এখনও অব্যাহতির আদেশ দেননি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান সূত্রে অব্যাহতির এ সুপারিশের ব্যাপারে জানা গেছে। সম্প্রতি এ তদন্ত কর্মকর্তা ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্তর্বর্তীকালীন এ প্রতিবেদন দাখিল করেন।