বিশেষ প্রতিনিধি:
কোরআন অবমাননার ঘটনায় যুবকের বাড়ি ভাঙচুর। পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগে মুন্সীগঞ্জ শহরের গনকপাড়া এলাকায় এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল মুসল্লি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বাবাকে উদ্ধার করে থানায় নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে একদল মুসল্লি ওই বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা। এর আগে সকালে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মুসল্লিদের রোষানল থেকে বাঁচাতে যুবকের বাবাকে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছেন।