মধ্যরাতে গেট ভেঙে বাড়িতে ঢুকে সাংবাদিককে মারধর, এরপর গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
মধ্যরাতে গেট ভেঙে বাড়িতে ঢুকে সাংবাদিককে মারধর, এরপর গ্রেফতার। টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্যরাতে বাড়ির গেট ভেঙে ঢুকে সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে জাহাঙ্গীর আলম নামের ওই সাংবাদিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাত ২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়ার এলাকার নিজ বাড়ি থেকে ‘দৈনিক নিরপেক্ষ’পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। তবে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’