মা-মেয়েকে হত্যার পর স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রিকশাযোগে পালিয়ে যায় গৃহকর্মী

বিশেষ প্রতিনিধিঃ
মা-মেয়েকে হত্যার পর স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রিকশাযোগে পালিয়ে যায় গৃহকর্মী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় চলছে নানান জল্পনা-কল্পনা। মাত্র দেড় ঘণ্টার মধ্যে ঘটে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় পুলিশ এক তরুণীকে সন্দেহ করছে, যিনি মাত্র চার দিন আগে ওই বাসায় অস্থায়ী গৃহকর্মী হিসেবে কাজ নিয়েছিলেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা ৫১ মিনিটে ওই বাড়িতে বোরকা পরে প্রবেশ করেন আয়েশা নামের ওই তরুণী। হত্যাকাণ্ডের পর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে রিকশা নিয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনের সড়ক দিয়ে পালিয়ে যান।

মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের ‘আমিনাস ড্রিম’ নামের ওই বাসার ভিডিও ফুটেজে দেখা যায়, গেট দিয়ে বেরিয়ে মোবাইল ফোনে কথা বলেন ওই তরুণী। এরপর গেটের সিকিউরিটি গার্ড ঈসমাইল তাকে ডাকলে আবার গেটে আসেন। পরে দ্রুত একটি রিকশা নিয়ে পালিয়ে যান। জানা গেছে, রাজধানীর ধানমন্ডিতে সানবীমস ইংলিশ মিডিয়াম স্কুলে ফিজিক্সের শিক্ষক আজিজুল ইসলাম। সোমবার সকালে শাহজাহান রোডে তার বাসায় স্ত্রী মালাইলা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন তরুণী মাত্র চার দিন আগে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই জনকে হত্যা করে ওই তরুণী পালিয়ে গেছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘নিহতরা (মা-মেয়ে) ভবনের সাত তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল সকালে কাজে বের হয়ে যান। এরপর দুপুরে বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। তিনি বলেন, এ ঘটনায় আলামত সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বাড়ির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শিরোনাম