স্টাফ রিপোর্টার:
অবহেলাজনিত দুর্ঘটনা থেকে শিশু সাজিদের মৃত্যু। রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে মাটির ৫০ ফুট নিচের গর্ত থেকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। এমন অবহেলাজনিত মৃত্যু আর কত? দেশে প্রায়ই এমন অসতর্কতার কারণে ঘটে নানান দুর্ঘটনা, একপর্যায়ে হৃদয়বিদারক মৃত্যু। এমন অবহেলাজনিত দুর্ঘটনা শুধু এখন নয়, আগেও দেখা গেছে।
২০১৪ সালের ডিসেম্বরে জিহাদ নামে এক শিশু ঢাকার শাহজাহানপুরে একটি পরিত্যক্ত গভীর পাইপে পড়ে যাওয়ার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সেই উদ্ধার অভিযান ব্যর্থ হয়। ওই মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথমে ৪ জন দোষী সাব্যস্ত হলেও পরবর্তীতে হাইকোর্ট তাদের খালাস দেন। তবে রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শিশু জিহাদের পরিবারকে আদালতের নির্দেশে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।