সিংগাইরে আঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম,এলাকাবাসীর তোপের মুখে কেটে পড়েছে ঠিকাদার
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে আঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, এলাকাবাসীর তোপের মুখে কেটে পড়েছে ঠিকাদার। এ ঘটনায় এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে,বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের জায়গীর-আঠালিয়া সড়কের দুই’শ মিটার আরসিসি ঢালাইয়ের সময় ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছিয়ে কাজ চলছিল। এছাড়া সিমেন্ট কম দিয়ে ইটের খোয়া বেশি দিয়ে তারাহুড়ো করে নিম্নমানের ঢালাইয়ের কাজ করে কেটে পড়তে চাইছিল ঠিকাদার। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে কাজে বাঁধা দেন। পরে হানিফ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। এতে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াতে জনসাধারণের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ টেড্রার্সের সত্ত্বাধিকারি মো.হাসান সবাদ মাধ্যমকে কাজটি বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও ঢালাই কাজে অনিয়মের কথা অস্বীকার করেন। কাজটিতে নির্মাণ ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি। উপজেলা প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম ভূঁইয়া সংবাদ মাধ্যমকে জানান,কাজ নিম্নমানের হয়নি। তবে এক জায়গা একটু সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।