বিশেষ প্রতিনিধি:
সাংবাদিকদের ওপর হামলা, আটক-২। চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে চাঁদাবাজদের হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সোমবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসে করে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন। হামলায় আহত সাংবাদিকরা হলেন- বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ১২ জন।