বিশেষ প্রতিনিধি:
জামায়াত কর্মীর বাড়িতে বিএনপি নেতাকর্মীর হামলা, আহত-৬। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক জামায়াত কর্মীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উচিতপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন।
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনি এজেন্ট আজিজুল হক বলেন, ‘সকালে উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে গিয়ে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিতে বলেন এবং ‘ধানের শীষের’ পক্ষে কাজ করার প্রস্তাব দেন। প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় আমাদের ছয় কর্মী আহত হন। হামলার বিষয়ে পুলিশ প্রশাসনসহ নির্বাচল সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’