মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার দুটি অভিযোগের প্রমাণ মিলেছে
সংবাদ জমিন রিপোর্ট:
জাহানারার দুটি অভিযোগের প্রমাণ মিলেছে। কয়েক দিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে গঠিত ‘স্বাধীন তদন্ত কমিটি’ তাদের কাজ শেষ করেছে। গত ২ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। তারই প্রেক্ষিতে বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিটি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, কমিটি জাহানারার উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে। তার মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের অসদাচরণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে কমিটি। এ কারণে হয়রানি ও অসদাচরণের বিষয়ে বোর্ডের জিরো টলারেন্স নীতির আলোকে বিষয়টি নিষ্পত্তির জন্য বিসিবি তাদের আইনি বিভাগকে যুক্ত করেছে।