ঝিনাইদহ প্রতিনিধি:
ভোট চাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ডাকাতি। ঝিনাইদহ সদরের বাড়িবাথান গ্রামে ভোটের প্রচারের নামে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. রওশন আলী লস্কর বাড়িবাথান গ্রামের মৃত আবদুল গনির ছেলে। রওশন আলীর বাড়ি রাস্তার পাশেই। তার মা আছিয়া বেগম বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাস্তার পাশে বাড়ির দরজায় কয়েকজন লোক টোকা দিতে থাকে। আমি এগিয়ে কারা জিজ্ঞাসা করলে তারা বলে, ‘‘আমরা ভোট চাইতে এসেছি।’’ তখন আমি বলি, বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই। তারা বলে, শুধু মার্কা দেখিয়েই চলে যাবো। তখন ৬ ও ৪ বছর বয়সী দুই নাতিকে নিয়ে দরজা খুলে দিই। তারা জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করে আমার দুই নাতির মাথায় অস্ত্র ধরে। তাদের মুখে টেপ মেরে ধরে রাখে। আমার ঘাড়ে ধারালো দা ধরে রাখে। মুখে টেপ মারার চেষ্টা করে। এ সময় আমার পুত্রবধূ এগিয়ে এলে তার ঘাড়ে আঘাত করে।’
পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা বাড়ির উত্তর দিকের ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে তিন ভরি সোনার গয়না ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায়। তারা সবাই ৩০-৩৫ বছর বয়সী ছিল। তারা একটি মোটরসাইকেলে করে এসেছিল। তাদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।