স্টাফ রিপোর্টার:
গ্রিসে বাসায় নামাজের জামাত, বাংলাদেশির রেসিডেন্স পারমিট বাতিল। গ্রিসের রাজধানী এথেন্সে বাসায় অনুমোদনহীনভাবে নামাজের জামাত আয়োজনের অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীর রেসিডেন্স পারমিট বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু হওয়ায় দেশটিতে ধর্মীয় স্বাধীনতা ও অভিবাসীদের অধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়ণ মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি প্রণীত কঠোর আইনের একটি বিশেষ ধারা প্রয়োগ করে ওই বাংলাদেশির বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি অবৈধ উপাসনালয় পরিচালনার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ। যদিও সরকার বিষয়টিকে বিল্ডিং কোড ও জননিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের সঙ্গে যুক্ত করছে, মানবাধিকার সংগঠন ও প্রবাসী কমিউনিটির একাংশ একে ধর্মীয় চর্চার ওপর অতিরিক্ত দমনমূলক পদক্ষেপ হিসেবে দেখছে।