চাঁদপুরের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটক ২ জন
চাঁদপুর প্রতিনিধি
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটক ২ জন। চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, নির্বাচনি প্রচারণা ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামে দুই জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।