সাভার প্রতিনিধি:
ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার। সাভারের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভারসহ আশপাশের এলাকায় অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার গভীর রাতে সাভারের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন হলেন,নয়ন খান (৪০), তোফাজ্জল হোসেন (৪২), মো. সবুজ শেখ (২৮) এবং মো. বদর শেখ (৪০)। তারা প্রত্যেকেই বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ একাধিক মামলার আসামি।