ভাড়া বাসা থেকে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি:
মেডিক্যাল কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার। কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে সামিয়া নিঝুম নামে মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হাউজিংয়ের ই-ব্লক এলাকার একটি বাসার চারতলার রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সামিয়া কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ছোট শালিখা এলাকার আব্দুস সালামের মেয়ে।
ওই বাসার কেয়ারটেকার রিয়াজ উদ্দিন বলেন, ‘নিঝুমের বাবা আমাকে মোবাইল ফোনে জানান তার মেয়ে ফোন ধরছেন না। আমি তখন এসে পাশের রুমের এক মেয়েকে ডেকে নিঝুমের রুমে গিয়ে নক করি। তাতে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন নিঝুমের বাবা দরজা ভেঙে দেখতে বলেন। তখন আমিসহ পাশের সাবলেট থাকা মেয়েরা দরজা ভাঙার চেষ্টা করি। উপরে ছিটকানি দেওয়া থাকায় নিচের দরজা হালকা ফাঁকা হয়ে গেলে আমরা দেখি সে বিছানায় নেই জানালার সঙ্গে ঝুলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’