সংবাদ জমিন রিপোর্ট:
‘পাশা’র কার্ড স্থগিতের পরও ইসির চিঠিতে বিভ্রান্তি। পর্যবেক্ষক সংস্থা ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট-পাশা’র ১০ হাজারেরও বেশি পর্যবেক্ষকের অনুমোদন বাতিলের পর আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। সংস্থাটির কার্ড ইস্যু স্থগিত করা হলেও নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে পাঠানো সর্বশেষ নির্দেশনায় পর্যবেক্ষকদের যে মোট সংখ্যা উল্লেখ করা হয়েছে, তাতে ‘পাশা’র সদস্যদের সংখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মল্লিকের সই করা চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পর্যবেক্ষক কার্ড ইস্যু সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাঠানো হয়।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধিত ৮১টি সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জনসহ সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে। অথচ এই ৫৫ হাজার ৪৫৪ জনের তালিকায় ‘পাশা’র ১০ হাজার ১২৯ জন স্থানীয় এবং ৪৩০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকও অন্তর্ভুক্ত ছিলেন।