মেহেরপুর প্রতিনিধি:
দোকানে মিললো ককটেল, আটক-১। মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনী একটি ওয়েল্ডিং দোকানে অভিযান চালিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে। এ সময় দোকান মালিক রিমনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। আটক রিমন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সেনাবাহিনী ক্যাম্প জানায়, নিজ দোকানে ককটেল সদৃশ বিস্ফোরক রেখে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক রিমনকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশেই ওই ককটেল দোকানে রাখা হয়েছিল।