যশোর প্রতিনিধি:
৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি। যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়ায় ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি আরাফাতের নূর’। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ আফ্রিকা থেকে কয়লাগুলো আমদানি করে নওয়াপাড়ায় এনেছিল।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আফ্রিকা থেকে বড় জাহাজে (মাদার ভেসেল) কয়লা মোংলা সমুদ্রবন্দরের হাড়বাড়িয়া ৪ নম্বর ঘাটে আনা হয়। পরে সেখান থেকে ৩১ জানুয়ারি ছোট কার্গো জাহাজ এমভি আরাফাতের নূরে কয়লা বোঝাই করে নওয়াপাড়া নদীবন্দরের রাজঘাট এলাকায় নোঙর করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কয়লা আনলোডের উদ্দেশে জাহাজটি ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে আনা হয়। মধ্যরাতে ভাটার সময় জাহাজটির দুটি দড়ি ছিঁড়ে গেলে এটি কাত হয়ে যায়। এরপর মঙ্গলবার ভোরে দিকে জাহাজে পানি প্রবেশ শুরু হয় এবং ধীরে ধীরে সেটি নদীতে ডুবে যায়।