রংপুর প্রতিনিধি:
ভোট দিলেন না জিএম কাদের। রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দিন রংপুর নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাইভিউ বাসায় অবস্থান করলেও ভোট দিতে তিনি যাননি। এমনকি সারা দিন সাংবাদিকদের সঙ্গেও কোন কথা বলেনি।
তিনি সকাল ৮টায় তার বাড়ি থেকে ৫০০ গজ দূরে শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় নেতারা বুধবার জানিয়েছিলেন। তবে নেতারা জানালেও সকাল থেকে দফায় দফায় জাতীয় পার্টির রংপুর জেলা মহানগর কমিটির কোনও নেতাই ফোন রিসিভ করেননি।পরে বিকাল ৩টায় জি এম কাদেরের স্কাইভিউ বাসভবনে গিয়ে দেখা গেলো তার বাসার সব দরজা বন্ধ। বাইরে কোনও নেতাকর্মীর ভিড় নেই। বাসার সামনে একটি অনলাইন পোর্টালের সাংবাদিকের মোটরসাইকেল দাঁড় করানো। পুরো বাসাজুড়ে সুনসান নীরবতা।
পরে পেছন দিয়ে তার বাসায় গিয়ে দেখা যায়, সেখানে দুটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক চেয়ারে বসে আছেন জি এম কাদেরের বক্তব্যের জন্য। দুপুর ৩টা ৫ মিনিটে জি এম কাদেরের পিএস তৈয়ব আহমেদ এসে এ প্রতিনিধিসহ সাংবাদিকদের জানালেন, স্যার এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানাবেন।তবে তিনি ভোট দিতে যাবেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য না করে তৈয়ব বাসার ভেতরে চলে যান। ফলে অনেকটা নিশ্চিত হওয়া গেছে জি এম কাদের ভোট দিতে যাচ্ছেন না।