ভোটকেন্দ্রের সামনে নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারলেন বিএনপি নেতা
রাজশাহী প্রতিনিধি
ভোটকেন্দ্রের সামনে নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারলেন বিএনপি নেতা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মারা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। হাবিবা উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
তাকে মারধরের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাতে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাকে থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন। আর আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যান।