নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে এক দুবাই ফেরত প্রবাসীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকারের একটি অংশ ও নগদ টাকা উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, সোহেল ওরফে সোহেল রানা (৪০) ও উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শফিউল আলম (৩৮)। সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে একটি ভাড়া গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে ছিল ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা ও ৩টি চেইনসহ মোট ১০০ গ্রাম স্বর্ণ। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা। এ সময় তার সঙ্গে কয়েকটি দামি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ ৩ হাজার ৫০০ দিরহাম (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা) ও ১৩ হাজার টাকা এবং অন্য মালামাল।
ওই দিন সকাল ১০টা ১০ মিনিটে খুলশী থানাধীন টাইগারপাস থেকে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের ওপর পৌঁছালে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। সেখান থেকে চার জন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি হাতে জোরপূর্বক সব মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শফিউল আলম খুলশী থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি (দক্ষিণ) ছায়া তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকা থেকে সোহেল ওরফে সোহেল রানাকে গ্রেফতার করে।