পঞ্চগড় প্রতিনিধি:
বালুভর্তি ট্রাক্টর আটকে চাঁদা দাবি বিএনপি নেতার। পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে বালুভর্তি ট্রাক্টর আটকে চাঁদা দাবির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বালু ব্যবসায়ী। অভিযুক্ত মো. মুসলিম পঞ্চগড় সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মুসলিম ও তার দুই সহযোগীর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেন বালু ব্যবসায়ী আনিসুর রহমান। পরে চাঁদার দাবিতে আটকানো ট্রাক্টর উদ্ধার করে পুলিশ।
থানায় দেওয়া লিখিত অভিযোগে ব্যবসায়ী উল্লেখ করেছেন, সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর বালু মহাল থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করেন আনিসুর। তিনি প্রতি ট্রাক্টর বালু বাবদ ১০০ টাকা ইউনিয়ন পরিষদে কর দেন। শনিবার মুসলিম ও তার লোকজন শালটিয়াপাড়া গ্রামে আনিসুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ীর বালুভর্তি ট্রাক্টর আটকে রেখে প্রতিটির জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গাড়ি ছাড়া হবে না এবং নদী থেকে বালু তুলতে দেবেন না বলে জানান মুসলিম। এ নিয়ে ট্রাক্টরচালকদের সঙ্গে মুসলিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারমুখী আচরণ করেন এবং আনিসুরের ছেলেকে মারধর করেন মুসলিমের লোকজন। বিষয়টি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরানকে জানালে চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে মীমাংসার কথা বললে ট্রাক্টরগুলো ছেড়ে দেন।