সংবাদ জমিন রিপোর্ট:
গণপিটুনিতে ৯ মাসে নিহত-৭। গাইবান্ধায় গণপিটুনিতে গত ৯ মাসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের কাউকে ডাকাতি বা চুরি বা ছিনতাই বা ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত ধরে নিয়ে হত্যা করা হয়। শুধু তাই নয়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও এভাবে হত্যার শিকার হয়েছেন এই জেলায়। সর্বশেষ গত শুক্রবার জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দপুর ইউনিয়নের খোর্দ্দমোজাহিদপুর গ্রামে ভোরে ছিনতাইকালে গণপিটুনিতে মারা যান মো. লেবু মিয়া ওরফে ভণ্ডুল ও ময়নুল ইসলাম।
তাঁদের গণপিটুনি দেওয়া হয় ছিনতাইকারী সন্দেহে। এ ঘটনায় নিহত লেবু মিয়া ওরফে ভণ্ডুলের মা ফুলমতি বেগম গত শনিবার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুন থেকে এ পর্যন্ত জেলায় গণপিটুনিতে সাতজনের প্রাণহানি ঘটেছে।