রাজশাহী প্রতিনিধি:
প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে যুবক হত্যা। রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে মো. সাব্বির (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল পাড়ার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে জাসন (২৫)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ৯টার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. গাজিউর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাব্বির হত্যার মূল আসামি জাসনকে কিছুক্ষণ আগে শাহমখদুম থানা পুলিশ চর খিদিরপুর থেকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।’