জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হলো হাত

সাভার প্রতিনিধি:
বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হলো হাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের। একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়। সেখানে তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে ওই নারী শিক্ষক বলেন, সাবেক ওই ছাত্রের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে ভেঙে যায়। তবে মঙ্গলবার ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে নানা অগ্রহণযোগ্য কাজ করেন। একপর্যায়ে ওই ছাত্র কথা বলার জন্য বাসায় যেতে ওই ছাত্রীকে জোরাজুরি করেন। তিনি রাজি না হলে ব্ল্যাকমেল করেন। পরে তার বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখ টেপ দিয়ে আটকে মারধর করা হয়, হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে বাসার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ওই ছাত্র চলে যান। তখন ৯৯৯-এ কল দিয়ে জানালে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে। সেখান থেকে দড়ি ও একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। অভিযুক্তের পাসপোর্টও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শিরোনাম