সংবাদ জমিন ডেস্ক:
পবিত্র রমজানে নারীর রান্নাও ইবাদত। মুমিনের প্রতিটি মুহূর্তই ইবাদত, যদি তা অতিবাহিত হয় কোরআন ও সুন্নাহ অনুসারে। মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতিটি কাজের হিসাব করেন তার নিয়তের ওপর নির্ভর করে। হাদিস শরিফে রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)
এই হাদিসের আলোকে নারীদের রান্নাও ইবাদত হিসেবে গণ্য হতে পারে, যদি তা হয় সঠিক নিয়তে। আর যখন এই রান্না হবে রমজান মাসে রোজাদারদের জন্য, তখন এর সওয়াব আরও বহুগুণে বৃদ্ধি পাবে।
পবিত্র রমজানে সাহরি প্রস্তুত করা, ইফতার আয়োজন করা, পরিবারের সদস্যদের দেখাশোনা করা– এসব কাজ শুধু পারিবারিক দায়িত্ব নয়; বরং এটি রোজাদারদের রোজা রাখতে বিশেষ সহযোগিতা করা, যা ইবাদত। কারণ, নেক আমল যেমন ইবাদত, ঠিক তেমনই নেক আমলে সহযোগিতা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত।