নিজস্ব প্রতিবেদক:
বিস্ফোরণে দগ্ধ সেই গ্যারেজমালিকের মৃত্যু। কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের আদর্শগ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুর রহিম (৩৯)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া আবদুর রহিমের বাড়ি কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা হাউজিং মাঠ এলাকায়। তিনি বিস্ফোরণ হওয়া গ্যাস পাম্পটির পাশে থাকা একটি গ্যারেজের মালিক। এর আগে গতকাল সোমবার বিকেলে একই বিস্ফোরণে দগ্ধ এক অটোরিকশাচালকের মৃত্যু হয়। তাঁর নাম আবু তাহের। তিনি কক্সবাজার শহরের কলাতলীর বাসিন্দা।
গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে চারটি বাড়ি, একটি গ্যারেজে রাখা ৪০টি গাড়িসহ নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ হন অন্তত ১৬ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।