বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করলো দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি:
কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করলো দুর্বৃত্তরা। বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালককে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আমিনুর ফকির (৫৫) নামের একজন আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। নিহত চয়ন রাজভর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক।

ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। চয়ন রাজভরের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম